চট্টগ্রামে দুই বাসায় ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের খুলশী থানাধীন লালখান বাজারের টাংকির পাহাড়ে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের বাসাসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে সংঘটিত এই ডাকাতির ঘটনায় ডাকাতেরা নগদ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। যাঁদের বাড়িতে ডাকাতি হয়েছে তাঁরা হলেন, সাবেক কাউন্সিলর সেকান্দর আহমেদ ও বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তা মো. সাইদুল্লাহ। তাঁরা দুজন একই ভবনে থাকতেন। ভবনটি সেকান্দর আহমেদের।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২-১৫ ডাকাত ভোররাতে বাড়ির ফটকে থাকা দুই দারোয়ানকে অস্ত্রের মুখে জিন্মি করে ফেলে। পরে তারা বাড়ির ভেতরের দুটি কলাপসিবল গেট ভেঙে দ্বিতীয় তলায় সেকান্দর আহমেদের ছেলে মোমিনুল হকের ঘরে ঢুকে পড়ে। ডাকাতেরা সেখান থেকে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন নিয়ে যায় বলে সেকান্দর আহমেদের অভিযোগ। এর পর ডাকাতেরা দ্বিতীয়তলার পাশের ফ্ল্যাটের দরজা ভেঙে সাইদুল্লাহর ঘরে ঢোকে। এ সময় ওই বাসায় জাহানারা নামে এক গৃহপরিচারিকা ছাড়া আর কেউ ছিলেন না। ডাকাতেরা ওই ঘরের আলমারি তছনছ করে ফিরে যায়। ওই বাসা থেকে তেমন কিছু খোয়া যায়নি বলে বাসার মালিক সাইদুল্লাহ জানান।পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে সেকান্দর আহমেদ জানান। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছি। দেখেছি আলমারি ভেঙেছে। এখনো মামলা দায়ের করেনি কেউ। মামলা হওয়ার পর দেখা যাবে কী হয়-না হয়।’