চট্টগ্রামে দুই বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ও অর্থঋণ আদালতের দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁদের এজলাসকক্ষের সামনে প্রতীকী কর্মসূচি পালন অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সমিতির সদস্যরা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন। এর আগে গত বৃহস্পতিবার একই কর্মসূচি পালন করা হয়। তবে প্রবীণ আইনজীবীরা বলছেন, বিচারকদের সততা নিয়ে প্রশ্ন তোলা হলে, সে ক্ষেত্রে আইনজীবীদের সম্পৃক্ততার বিষয়টিও সমিতিকে বিবেচনায় নিতে হবে।গতকাল রোববার সকালে কয়েকজন আইনজীবী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহবুবুল আলমের এজলাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুই এজলাসের সামনে সমাবেশও করেন আইনজীবীরা। তবে এ সময় দুই বিচারকের কেউ এজলাসে ছিলেন না।বিক্ষোভ সমাবেশে দুই বিচারককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আইনজীবীরা। এর আগে গত ১১ জুলাই সমিতির এক সাধারণ সভায় দুই বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁদের সরিয়ে দিতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর গত বুধবার সমিতির বিশেষ সাধারণ সভায় দুই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত হয়।চট্টগ্রাম আদালতের প্রবীণ আইনজীবী এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্ত আইনজীবীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম আলোকে বলেন, ‘বিচারকদের সততা নিয়ে প্রশ্ন তোলা হলে এ বিষয়ে কিছু আইনজীবীর সম্পৃক্ততার প্রশ্নটিও চলে আসে। গত ৩৭ বছরে আইনজীবীদের অসততার প্রশ্নে সমিতি কোনো পদক্ষেপ নেয়নি। সমিতি এত দিন নীরব ভূমিকা পালন করেছে। তাই সমিতিকেও এখন উদ্যোগী হতে হবে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সব মিলিয়ে সাধারণ বিচারপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।’ প্রতীকী কর্মসূচির বিষয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, ‘সমিতি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি পালন করতে পারে। অতীতেও এ ধরনের কর্মসূচি পালিত হয়েছে। এতে হয়তো অভিযুক্তরা বদলি হবেন। কিন্তু অতীতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তদন্ত বা শাস্তির নজির জানা নেই। তাই আইনজীবীদের এই কর্মসূচি শুধু সরকারের দৃষ্টি আকর্ষণই করতে পারবে।’চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। তাঁদের সরে যেতে এক মাস সময় দেওয়া হয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের প্রতি আহ্বান, তাঁদের যেন প্রত্যাহার করা হয়।’