চট্টগ্রামে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় গতকাল মঙ্গলবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার পর উভয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আজ বুধবার থেকে দুই দিনের জন্য ক্লাস বাতিল করেছে।জানা গেছে, দুজন ছাত্র-ছাত্রীর বাগিবতণ্ডাকে কেন্দ্র করে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করেন।জানা গেছে, গতকাল দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাইদুর রহমানের সঙ্গে এক ছাত্রীর কথা-কাটাকাটি হয়। পরে ওই ছাত্রী পাশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাঁর পরিচিত এক ছাত্রকে বিষয়টি জানান।এরপর বিজিসি ট্রাস্টের কয়েকজন শিক্ষার্থী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাইদুরকে মারধর করেন। এর পরই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে বিজিসি ট্রাস্টে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, দুজন ছাত্র-ছাত্রীর মধ্যে কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। নিজেদের সমস্যা মেটাতে তাঁরা ডেকে এনেছে বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীদের। তাই পরে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পুলিশ সূত্র জানায়, সাইদুরকে মারধরের পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে বিজিসি ট্রাস্টের একজন শিক্ষার্থীকে ধরে তাঁদের ক্যাম্পাসে আটকে রাখেন। পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বসে নিজেদের মধ্যে আলোচনা করে ছাত্রদের শান্ত করেন। বুধবার থেকে দুই দিন দুই বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।