চট্টগ্রামে দুই বোনের ওপর এসিড নিক্ষেপ মামলায় অভিযোগপত্র
চট্টগ্রাম নগরের চকবাজারে দুই বোনের ওপর এসিড নিক্ষেপের মামলায় তাঁদের এক খালাতো বোন ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পাঁচলাইশ থানার পুলিশ। গত বুধবার বিকেলে এই অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণের ব্যাপারে শুনানির দিন ধার্য হয়নি বলে জানা গেছে।যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন শারমিন ফারজানা (২২) ও তাঁর ছোট ভাই ইফতেখার লতিফ সাদী (২০)।সূত্র জানায়, গত ২ অক্টোবর ভোরে চকবাজারের জয়নগরের এক বাড়ির চতুর্থতলায় ঘুমন্ত মুনতাহারা কারিন (১৮) ও তাঁর ছোট বোন সালসাবিন তাসলিম (১৭) এসিডদগ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই তাঁদের বাবা আনোয়ারুল মবিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। নিজের বিয়ের আগে বয়সে ছোট খালাতো বোন কারিনের বিয়ে ঠিক হওয়ায় তাঁর ও তাসলিমের ওপর এসিড নিক্ষেপ করেন শারমিন। নিজেকে সন্দেহের বাইরে রাখতে তিনি নিজ শরীরেও এসিড মাখান।অভিযোগপত্রে বলা হয়, বয়সে অনেক ছোট কারিনের বিয়ের দিন ধার্য ছিল ১০ অক্টোবর। এ কারণে ক্ষোভে-দুঃখে শারমিন এ কাণ্ড ঘটান। ঘটনার আগের দিন ১ অক্টোবর বিকেলে সাদী গোপনে তাঁকে এসিড পৌঁছে দেন।এ মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিজ আহমেদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার ২৪ দিনের মাথায় আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রমাণ জোগাড় করে আসামি শারমিন ও সাদীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করি। ঘটনার আগেও শারমিন একাধিকবার কারিনের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, যা অভিযোগপত্রে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি।’