চট্টগ্রামে দুই ব্যক্তির লাশ উদ্ধার, ছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ নগরের সেবক কলোনি থেকে গতকাল সোমবার ও ফিরিঙ্গিবাজার ঘাট থেকে গত রোববার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। এ ছাড়া চান্দগাঁও এলাকায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে ফিরিঙ্গিবাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে যাঁর লাশ উদ্ধার করা হয়, তাঁর নাম মো. হাশেম (২৪)। তিনি নৌকার মাঝি। সোমবার সন্ধ্যায় উদ্ধার করা অন্য অজ্ঞাতনামা যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, হাশেম কর্ণফুলীতে সাম্পান চালাতেন। শনিবার সন্ধ্যায় তিনি অসতর্কতাবশত নদীতে পড়ে যান। তখন অনেক খোঁজাখুঁজির পরও তাঁর লাশ মেলেনি। পরে রোববার রাতে স্থানীয় লোকজন ফিরিঙ্গিবাজার এলাকায় তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বছিরুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।এদিকে গতকাল সন্ধ্যায় নগরের পাথরঘাটা সেবক কলোনি এলাকা থেকে পাওয়া যায় অজ্ঞাতনামা যুবকের লাশ। তার বয়স আনুমানিক ১৮ বছর বলে জানা গেছে। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, লাশটি একটি ডাস্টবিনের ওপর পড়ে ছিল। গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এদিকে, চান্দগাঁও আবাসিক এলাকায় গতকাল বিকেলে গলায় ফাঁস লাগিয়ে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম মোছাম্ম ৎ রোহান (১৪)। পড়ালেখা নিয়ে বকাঝকা করায় সে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।