চট্টগ্রামে দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে চার লাখ টাকা ছিনতাই
চট্টগ্রাম নগরের কর্নেলহাটে গতকাল বুধবার একটি ব্যাংকের ফটকের সামনে থেকে এক ব্যবসায়ীর প্রায় সাড়ে চার লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী মো. মুছা (৫০) ও তাঁকে রক্ষা করতে যাওয়া ব্যবসায়ী মো. কাওসার আহত হন।আহত দুই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মুছার কর্নেলহাট বাজারে একটি মুদি দোকান আছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মুছা ১০ লাখ টাকা জমা দিতে দুটি জমা স্লিপ লেখেন। এর একটিতে চার লাখ ৩৫ হাজার ও অন্যটিতে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা লেখা ছিল। মুছা একটি ব্যাগে চার লাখ ৩৫ হাজার টাকা ও স্লিপ দুটি নিয়ে পাশের ভবনে জনতা ব্যাংকের দিকে যান। বাকি টাকা কিছুক্ষণ পর ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য দোকানের এক কর্মচারীকে বলে যান। মুছা ব্যাংকের ফটকে পা রাখতেই তিন ছিনতাইকারীর একজন পেছন থেকে হ্যাঁচকা টান মেরে তাঁকে বাইরে নিয়ে আসে এবং অন্য দুজন তাঁকে কিল, লাথি, ঘুষি মারতে থাকে। তিনি টাকাভর্তি ব্যাগ না ছাড়ায় একজন মুছাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।মুছাকে রক্ষা করতে কাওসার এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাঁকেও ছুরিকাঘাত করে টাকাভর্তি ব্যাগ নিয়ে অপেক্ষমাণ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দ্রুত পালিয়ে যায়।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ খান প্রথম আলোকে বলেন, ‘ওই সিএনজি অটোরিকশার নম্বরের সূত্র ধরে আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। ঘটনার ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে।’