চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে প্রতারণার মামলা হয়েছে।স্থানীয় ব্যবসায়ী মো. সাইফুল আজম চৌধুরীর পক্ষে তাঁর ভাই হাবিবউল্লাহ চৌধুরী গতকাল বুধবার ব্যবসায়ী মীর মোহাম্মদ হোসেন ও মীর মোহাম্মদ হাসানকে আসামি করে মামলাটি করেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দেন। আদালত এ ঘটনায় দুই আসামির সহযোগী আরও ৩৬ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার আদেশ দেন।মামলার আরজিতে বলা হয়, বাদী হাবিব আসামি মীর হোসেন, মীর হাসানসহ কয়েকজনের কাছ থেকে আমদানি করা গমের বেশ কিছু ডিও কেনেন। কিন্তু ডিওগুলো ভুয়া ছিল।আরজিতে আরও বলা হয়, এ বিষয়ে আপস-মীমাংসার কথা বলে গত ২ মার্চ বাদী ও তাঁর বড় ভাইকে আসামি হাসান ও হোসেনের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে আসামিরা বাদী ও তাঁর ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের বেশ কিছু খালি চেকে জোরপূর্বক সই নেন।