চট্টগ্রামে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মোহরার কামালবাজার ও বন্দরটিলা এলাকায় ভুয়া দুই চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম ফজলে এলাহী এ জরিমানা করেন।দণ্ডিত ব্যক্তিরা হলেন কামালবাজার এলাকার জালাল উদ্দিন চৌধুরী ও বন্দরটিলার নেছার উদ্দিন। তাঁদের কাছ থেকে বিভিন্ন চিকিৎসা-সরঞ্জাম উদ্ধার এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।আদালত সূত্র জানায়, কামালবাজারের রয়েল ডায়াগনস্টিক সেন্টারে জালাল উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে দন্ত সার্জন হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। তাঁর কোনো স্বীকৃত ডিগ্রি নেই। তিনি নামের পাশে ‘সিডিএস (ঢাকা)’ লিখে চিকিৎসক সেজে বসেছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে সিডিএস নামে কোনো ডিগ্রি নেই, তবে দন্ত চিকিৎসায় বিডিএস ডিগ্রি দেওয়া হয়।অন্যদিকে চিকিৎসক নেছার উদ্দিন তাঁর নামের পাশে এমবিবিএস ডিগ্রি লিখলেও এর কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। এ প্রসঙ্গে অভিযানে থাকা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক কাজী মো. আশিক আমান জানান, দুজনই ভুয়া ডিগ্রি লিখে প্রতারণা করে আসছিলেন।এদিকে কামালবাজার এলাকার অপর এলএমএফ চিকিৎসক আর কে চৌধুরীর চেম্বার পল্টু ফার্মেসিতে অভিযান চালিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশিক আমান জানান।