চট্টগ্রামে দুই মাস পর আবার সরব বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস আত্মগোপনে থাকার পর চট্টগ্রাম নগর বিএনপির অনেক নেতা-কর্মী দলীয় কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন। আগামী বুধবার চট্টগ্রামে বড় কর্মসূচিরও প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
গত বছরের নভেম্বর থেকে ১৮-দলীয় জোটের দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন নাশকতার ঘটনায় গাড়িচালক ও যাত্রীরা হতাহত হন। এরপর চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমানসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা করে পুলিশ।
পুলিশের দায়ের করা মামলায় নভেম্বরের শেষ সপ্তাহে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও গোলাম আকবর খোন্দকারকে পুলিশ গ্রেপ্তার করে। একাধিক মামলায় তাঁদের জামিন হলেও গতকাল পর্যন্ত তাঁরা মুক্তি পাননি। তবে গত বছরের নভেম্বরে মামলা হওয়ার পরই আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহাদাৎ হোসেনসহ অনেকে আত্মগোপন করেন। গত সপ্তাহে এই দুই নেতাসহ ৩৫ জনকে হাইকোর্ট চার সপ্তাহের জামিন দেন। তারপরই তাঁরা আবার প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি আগামী বুধবার চট্টগ্রামে বড় ধরনের জমায়েত করার প্রস্তুতি নিয়েছে। ওই জমায়েতে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। গত নভেম্বরের শেষ সপ্তাহের পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম দফায় আমাদের ৩৫ জন নেতা-কর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আরও অনেকে জামিনের জন্য আবেদন করেছেন, যা শুনানির অপেক্ষায় আছে। জামিন পাওয়া নেতারা দুই মাস পর প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন।’ তিনি আরও বলেন, ‘আগামী বুধবার বড় ধরনের জমায়েতের প্রস্তুতি চলছে আমাদের। আমীর খসরুসহ অনেকে কর্মসূচিতে উপস্থিত থাকবেন।’
এদিকে দীর্ঘদিন পর গত শুক্রবার নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ করেছে দলটি। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা এতে উপস্থিত ছিলেন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘মামলা করে, হামলা চালিয়ে আমাদের দলীয় কর্মসূচি পালনে বাধা দিয়ে আসছে এই সরকার। উচ্চ আদালতে আমাদের অনেকের জামিন হয়েছে। দলীয় কর্মসূচিতে আমরা উপস্থিত থাকছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’