চট্টগ্রামে দুই যুবককে কুপিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জনসমক্ষে দুই যুবককে কুপিয়ে তাঁদের কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পারভেজ (২২) ও হেলাল (২৫) নামের ওই দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুই রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিন রাস্তায় পড়ে আছে। টাকা হারিয়ে রাস্তায় বসে কাঁদছেন পারভেজ ও হেলাল। ছিনতাই হওয়া টাকাগুলো আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান সাইফুল অ্যান্ড কোম্পানির বলে তাঁরা জানান। তাঁরা ওই কোম্পানিতে কাজ করেন বলে দাবি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পানের দোকানদার হারুন প্রথম আলো ডটকমকে বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন দুই যুবক। তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে তাঁদের গতিরোধ করে। তাঁদের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের বাধা দেওয়া হয়। এ সময় ছিনতাইকারীরা গুলি করার চেষ্টা করে। কিন্তু কার্তুজ ও ম্যাগাজিন নিচে পড়ে যায়। পরে ছিনতাইকারীরা দুই রিকশারোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকাভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার পারভেজ ও হেলাল প্রথম আলো ডটকমকে জানান, নগরের জিইসি মোড় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করে নগরের রেয়াজউদ্দিন বাজার ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। জমিয়াতুল ফালাহ এলাকায় তাঁদের রিকশার গতিরোধ করে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, পাঁচ লাখ টাকার বেশি কেউ বহন করলে পুলিশের সাহায্য নিতে পারে। কিন্তু এতগুলো টাকা নেওয়ার সময় তাঁরা রিকশা করে কেন যাচ্ছেন, তা রহস্যজনক মনে হচ্ছে। তা ছাড়া টাকার মালিকের পক্ষ থেকে পুলিশকে কোনো ধরনের তথ্য দেওয়া হচ্ছে না। এতেই মনে হচ্ছে টাকাগুলো হুন্ডির হতে পারে। পুলিশ টাকার মালিকের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।