চট্টগ্রামে দুই শিশু যৌন নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঢেবারপাড় এলাকায় একটি আবাসন প্রতিষ্ঠানের দারোয়ানের বিরুদ্ধে দুই মেয়েশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শিশু দুটিকে পাশবিক নির্যাতন করা হয় বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় অভিযুক্ত মো. ইসমাইলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। আট বছর বয়সী শিশু দুটিকে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের এখনো ঘুমের ঘোর কাটেনি। মেয়েশিশু দুটি ঢেবারপাড় ছিদ্দিকের কলোনিতে পাশাপাশি বাসায় থাকে। এক শিশুর বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে পাশের বাসার মেয়েটিসহ রাত আটটার দিকে দোকানে আচার কিনতে যায়। ফেরার সময় পাশে একটি নির্মাণাধীন ভবনের দারোয়ান তাদের ফুসলিয়ে তার কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়ে দুটিকে জুস খাওয়ানো হয়। আমার মেয়েটি দুই ঘণ্টা পর কান্নাকাটি করে বাসায় এসে তার বন্ধুকে আটকে রাখা হয়েছে বলে জানায়।’
জানা গেছে, ফিরে আসা মেয়েটির কথা অনুযায়ী স্থানীয় লোকজন ওই ভবনে গিয়ে দারোয়ান ইসমাইলের টিনের ঘর থেকে অপর মেয়েটিকে উদ্ধার করে। এ সময় ইসমাইলকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ইসমাইলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়ে দুটির পরিবারের অভিযোগ, উদ্ধারের পর থেকে মেয়ে দুটি শুধু ঘুমাচ্ছে। গতকাল সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ওপর যৌন নির্যাতন করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মেয়ে দুটিকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। আমরা আসামিকে আটক করেছি।’