চট্টগ্রামে দুই সন্ত্রাসীর মুক্তির খবরে আতঙ্ক
চট্টগ্রাম নগরের দুর্ধর্ষ দুই সন্ত্রাসী সরোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন কারাগার থেকে মুক্তির আগে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে কারা কর্তৃপক্ষ। পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাঁদের মামলাগুলোর বিষয়ে গতকাল সোমবার খোঁজখবরও নেন।
প্রসঙ্গত, গতকাল প্রথম আলোতে ‘চট্টগ্রামে দুই সন্ত্রাসী মুক্তির অপেক্ষায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ভুক্তভোগী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) অনিন্দিতা বড়ুয়া বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও ম্যাক্সনের মুক্তির ওপর নজরদারি রাখছে গোয়েন্দা পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনে তাদের কারা ফটক থেকে আটক করা হবে। অনেক কাঠখড় পেরিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মামলাগুলোতে জামিনের বিষয়েও পুলিশের প্রসিকিউশন শাখা খোঁজখবর নিচ্ছে।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের জানান, কারাগারে আটক সরোয়ার ও ম্যাক্সনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন জানতে চেয়েছেন। দুই আসামির মুক্তির আগে তাঁদের অবহিত করা হবে বলে আশ্বস্ত করা হয়। ভুক্তভোগী লোকজনও জানতে চান তাঁরা কোন দিন মুক্তি পাবেন।
এদিকে নগরের মুরাদপুর, পাঁচলাইশ, অক্সিজেন, চালিতাতলীসহ বিভিন্ন এলাকায় সরোয়ার ও ম্যাক্সনের মুক্তির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। অনেকেই কারা কর্তৃপক্ষের কাছে ফোন করে জানতে চান কোন দিন বের হবে দুই সন্ত্রাসী।
উল্লেখ্য, ভারতের কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ খানের একসময়ের সহযোগী সরোয়ার ও ম্যাক্সনের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র, চাঁদাবাজি ও হত্যার ২০ মামলায় একে একে জামিন পান।