চট্টগ্রামে দুই স্ত্রীসহ সাবেক শুল্ক কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় শুল্ক বিভাগের সাবেক কর্মকর্তা ও তাঁর দুই স্ত্রীর জামিন নামঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমান চৌধুরী গতকাল রোববার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের প্রকৃত তথ্য গোপন রাখার অভিযোগে দুদক গত বছরের ১৬ অক্টোবর নগরের ডবলমুরিং থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে। আসামিরা হলেন সাবেক কাস্টমস তত্ত্বাবধায়ক আকরাম হোসেন এবং তাঁর দুই স্ত্রী জাহানারা বেগম ও নিলুফার ইয়াসমিন। আদালত সূত্র জানায়, সাবেক শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৯৪ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ৯২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। একইভাবে আকরামের প্রথম স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে ৪৪ লাখ ২৯ হাজার টাকার সম্পদ অর্জন ও ১১ লাখ ছয় হাজার টাকার সম্পদ গোপন রাখা এবং দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে ৩৩ লাখ ৫৪ হাজার টাকার সম্পদ অর্জন ও ২৬ লাখ ৪৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে ডবলমুরিং থানায় দুদক আইনে পৃথক দিনটি মামলা হয়। দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সল পাশা বলেন, সাবেক শুল্ক কর্মকর্তা আকরাম হোসেন ও তাঁর দুই স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।