চট্টগ্রামে দুজনের মৃত্যুর মামলার তদন্তে অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিআরবি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তদন্ত কর্মকর্তা দাবি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, রিমান্ডে যুবলীগের কেন্দ্রীয় সদস্য হেলাল আকবর চৌধুরীসহ (বাবর) পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে অগ্রগতি হয়েছে। আসামিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না। দু-এক দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
আকবর ছাড়াও তাঁর সহযোগী খোকন চন্দ্র তাঁতি, রিটু দাশ ও শাহ আলম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল আলমের (লিমন) অনুসারী আনোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আকবরের চার দিনের রিমান্ডের মেয়াদ কাল বুধবার শেষ হচ্ছে। বাকি চারজনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
গত ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আট বছরের শিশু আরমান এবং যুবলীগের নেতা সাজু পালিত গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম ও যুবলীগের কেন্দ্রীয় নেতা আকবরসহ ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়।
পুলিশ ঘটনার দিন ছাত্রলীগের নেতা সাইফুলসহ ৫২ জনকে গ্রেপ্তার করে। পরদিন ২৫ জুন আরেকজন গ্রেপ্তার হন। এদিন দিবাগত রাতে ঢাকার নিকেতনের একটি বাসা থেকে আকবরসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।