চট্টগ্রামে দুজনের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগর থেকে গতকাল বুধবার এক নারী ও এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নগরের চান্দগাঁও থানার মোহরা উত্তরপাড়ার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে গতকাল সন্ধ্যায় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভবনটির মালিক কালিপদ গুপ্ত প্রথম আলোকে বলেন, ১ আগস্ট খোদেজা আক্তার পরিচয় দিয়ে ওই নারী তাঁর দ্বিতীয় তলার বাসা ভাড়া নেন। ওই নারী তাঁকে জানিয়েছেন, তাঁর স্বামী মারা গেছেন। সপ্তাহ খানেক পর পরিচয়পত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
কালিপদ গুপ্ত আরও জানান, ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাসার ভেতরে ঢুকে খোদেজার লাশ উদ্ধার করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিন আগে ওই নারীর মৃত্যু হতে পারে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’ এদিকে নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার নর্দমা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১২ তলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল বিকেলে ওই কিশোরী মারা গেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, নিহত কিশোরীর নাম সাথী (১৫)। সে হিলভিউ আবাসিক এলাকার ওই ভবনের বাসিন্দা এম এ হান্নানের বাসার গৃহকর্মী ছিল।