চট্টগ্রামে দুটি কারখানা থেকে নয় লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রামে দুটি কারখানা থেকে নয় লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। গতকাল সোমবার নগরের পাহাড়তলী ও খুলশী এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।জানা গেছে, উত্তর পাহাড়তলীতে লিজ ওয়াশিং লিমিটেড ওয়াশিং কাম ডায়িং কারখানায় রাসায়নিক মিশ্রিত দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় কারখানার পাশে নালায় ফেলা হচ্ছে। নয় বছর ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এ কারখানায় উৎপাদন চলছে। অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে কারখানার মালিকের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে দ্রুত দূষণ বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া খুলশী এলাকায় বায়ুদূষণের দায়ে এপিক রেডিমিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেড নামে আরেকটি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানাটি বায়ুদূষণ নিয়ন্ত্রণ যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সত্যপীরের দরগাহ গেট এলাকায় আদালত কালো ধোঁয়া নির্গমণকারী একটি বাস, লাইসেন্সবিহীন একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল থেকে এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া পচা-বাসি খাবার ও ভেজাল পণ্যসামগ্রী বিক্রির দায়ে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তির হাটের তিনটি কুলিং কর্নার, দুটি চায়ের দোকান ও দুটি মুদির দোকান থেকে তিন হাজার ২০০ টাকা এবং ওজনে কারচুপির দায়ে একটি মাংসের দোকান থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।