চট্টগ্রামে দুটি জঙ্গি মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
সাক্ষী হাজির না হওয়ায় চট্টগ্রামে জঙ্গিদের বিরুদ্ধে করা দুটি মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। নগরের বায়েজিদ বোস্তামী থানায় করা ‘লেংটা ফকিরের’ আস্তানায় জোড়া খুন ও বিস্ফোরক মামলায় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালত আগামী ১৪ আগস্ট পরবর্তী দিন ধার্য রাখেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার আকবর টিলায় ফকিরের আস্তানায় জুমার নামাজের সময় ঘুমন্ত অবস্থায় রহমত উল্লাহ ওরফে লেংটা ফকির ও তাঁর খাদেম আবদুল কাদেরকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করে নিহত কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই ফকির ও তাঁর খাদেমকে কেন হত্যা করা হয়েছে, তার কোনো সূত্র পায়নি পুলিশ। নিহত ব্যক্তিদের পরিবারও কিছুই জানাতে পারেনি।
পরে একই বছরের ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগরে একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, গ্রেনেডসহ জেএমবি সদস্য সুজন ওরফে বাবুসহ পাঁচজনকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশ। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুজন স্বীকার করেন, শরিয়তবিরোধী কাজ করায় লেংটা ফকির ও তাঁর খাদেমকে তাঁদের নেতা ফারদিনের নির্দেশে খুন করেন।
তদন্ত শেষে নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা সুজনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক মামলায় গত ৭ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৩ জুন আসামি সুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুই মামলার বিচার শুরু হয়। ওই দিন আদালত দুই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য করে অভিযোগপত্রে থাকা পাঁচ সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করেন। দুই মামলায় ২৫ জন করে সাক্ষী রয়েছেন।
পাঁচ সাক্ষী হলেন মামলার বাদী ও নিহত লেংটা ফকিরের ছোট ভাই নুরুল ইসলাম, ফজলুল করিম, রিনা বেগম, আরিফ উদ্দিন ও মো. ইসকান্দর। নুরুল ইসলাম ছাড়া বাকি চারজন বায়েজিদ এলাকার বাসিন্দা।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, পাঁচ সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করা হলেও তাঁরা সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি। হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাঁদের কাছে পরোয়ানাগুলো পাঠানো হচ্ছে। এ ছাড়া তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যাতে তাঁরা ধার্য দিনে সাক্ষ্য দিতে হাজির হন।