চট্টগ্রামে দুটি জঙ্গি মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গিদের বিরুদ্ধে করা দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। নগরের বায়েজিদ বোস্তামী থানায় করা ‘লেংটা ফকিরের’ আস্তানায় জোড়া খুন ও বিস্ফোরক মামলায় গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত আগামী ৬ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার আকবর টিলায় ফকিরের আস্তানায় জুমার নামাজের সময় ঘুমন্ত অবস্থায় রহমত উল্লাহ ওরফে লেংটা ফকির ও তাঁর খাদেম আবদুল কাদেরকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করে কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। এই মামলার তদন্ত চলাকালে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগরে একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, গ্রেনেডসহ জেএমবির পাঁচজনকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশ। তাঁদের একজন সুজন ওরফে বাবু পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেন, শরিয়তবিরোধী কাজ করায় লেংটা ফকির ও তাঁর খাদেমকে তাঁদের নেতা ফারদিনের নির্দেশে খুন করা হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, দুই মামলায় দুই সাক্ষী মো. ইসকান্দর ও মো. আরিফ সাক্ষ্য দেন। তাঁরা ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা। দুই সাক্ষী আদালতকে জানান, সুজনকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে লেংটা ফকিরকে খুনের ঘটনায় ব্যবহৃত দা গত বছরের ৬ অক্টোবর উদ্ধার করেন আস্তানার পাশ থেকে। এ ছাড়া ঘটনার পরপরই পাশের একটি নালা থেকে রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়। শার্টটি সুজনের।