চট্টগ্রামে দুটি পৃথক অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রাম নগরের নতুন চাক্তাই এবং কালুরঘাট এলাকায় গতকাল শনিবার পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতির খবর পাওয়া গেছে। দুটি ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত একটা ২৫ মিনিটে নতুন চাক্তাই বেড়া মার্কেট এলাকার সলিম উল্লাহর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় অথেনটিক গার্মেন্টসের ফিনিশিং বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দুটা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ ছিল প্রায় পাঁচ লাখ টাকা।
অপর দিকে, ভোর পাঁচটা ২৫ মিনিটে নগরের কালুরঘাট এলাকায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের মালিকানাধীন সেমিপাকা কাঠের আসবাব তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল সাতটা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কারখানায় রাখা ২০০ ঘনফুট গোলকাঠ, ১০ বস্তা কাঠের ভুসি ও কাঠের গুঁড়ি এবং একটি ইলেকট্রিক মোটর পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।