চট্টগ্রামে দুটি পোশাক কারখানা ভবন খালি করে দেওয়ার নির্দেশ
চট্টগ্রামে ৪২টি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছে সিডিএ ও বিজিএমইএর যৌথ দল। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে এক সপ্তাহ ধরে এসব কারখানা পরিদর্শন করে তারা। এর মধ্যে নগরের চাক্তাই এলাকার দুটি গার্মেন্টস কারখানা ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে যৌথ দল। কারখানা দুটি হলো আর্টিস্টিক এপারেলস ও এরিনা ফ্যাশন। ভবন দুটি খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমীন জানান, গত ১৮ মে থেকে পরিচালিত চার দিনে নগরের ৪২টি কারখানায় অভিযান চালানো হয়। সর্বশেষ গতকাল শনিবার নগরের আগ্রাবাদ এলাকার ১০টি কারখানা পরিদর্শন করা হয়।পরিদর্শনে যৌথ দল দুটি ভবন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বলে জানায়। ভবনগুলো এক পাশে কাত হয়ে গেছে এবং অন্য পাশের প্রতিটি বিম ও কলামে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। ভবনটির কাত হওয়া অংশ থেকে দ্রুত সমস্ত কার্যক্রম বন্ধ করে মালামাল সরিয়ে নিতে এবং গার্মেন্টস মালিকদের অতি দ্রুত ভবনটি থেকে তাঁদের কার্যক্রম স্থানান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে।