চট্টগ্রামে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মারামারি, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সীমানা দেয়াল নিয়ে বিরোধের জের ধরে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের ডিটি রোডের মনছুরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের বেশির ভাগই ফোর এইচ ফ্যাশনস নামে পোশাক কারখানার শ্রমিক। ফারজানা অ্যাপারেলস নামে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে তাঁদের মারামারি হয়। আহতদের মধ্যে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন জখম বেশি পেয়েছেন। ঘটনার সময় ফোর এইচ গ্রুপের ২৫টি গাড়ি ভাঙচুর করা হয় বলে কারখানা ব্যবস্থাপক এম এম মোর্শেদ চৌধুরী দাবি করেন। সংঘর্ষে আহতদের মধ্যে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—রুমা (১৭), কোহিনুর (২৫), মামুন (৩০), রানা (২২), লাভলী (২৪), হালিম (২৮), বেলাল (২৪), ফোরকান (২৮), কুলসুম (২০), লিপি (২৪), মাসুদ (২৪), সোহেল (২২), শারমিন (২২), নূরজাহান (২৪), নাছিমা (২২), সীমা (২২), মনছুর (৪২), তুফান (২০), শেফালী (২০) ও ফারুক (২২)।মারামারির পর দুই পক্ষ প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ফোর এইচ ফ্যাশনস ভবনের সামনে ফারজানা অ্যাপারেলসের মালিক মো. সেলিমের একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ভবনটিকে ঘিরে গত বুধবার সেলিম একটি সীমানা দেওয়াল নির্মাণ করেন। রাতে ওই দেয়ালটি ফোর এইচ গ্রুপের লোকজন ভেঙে দেয় বলে অভিযোগ করেছেন মো. সেলিম। এর জের ধরে রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।ঘটনাস্থলে উপস্থিত ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘ফোর এইচ গ্রুপের সঙ্গে মোহাম্মদ সেলিমের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সেলিম রাতে তাঁর নির্মাণাধীন ভবনকে ঘিরে ওই জায়গায় একটি সীমানা দেয়াল নির্মাণ করেন। সকালে ফোর এইচ গ্রুপের লোকজন তা ভেঙে দেয়। পরে সেলিমের ফারজানা অ্যাপারেলসের শ্রমিকেরা ফোর এইচ গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।’জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে পোশাকশ্রমিকেরা কারখানায় ঢোকার সময় নির্মাণাধীন দেয়ালটি ভাঙা হয়। তখন লাঠিসোঁটা নিয়ে এসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে মোর্শেদ চৌধুরী হামলাটি অতর্কিত করেছে বলে অভিযোগ করেন। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সম্পর্কে ফোর এইচ ফ্যাশনসের কারখানা ব্যবস্থাপক মোর্শেদ চৌধুরী বলেন, ‘আমাদের কারখানার সামনে সেলিম সাহেব একটি দেয়াল তুলে দেন। অথচ ওটা ওনার জায়গা না। এ নিয়ে আমাদের ভবনের মালিক মাহবুবুর রহমান গতকাল থানায় জিডিও করেছেন। ওই দেয়াল নিয়ে বিরোধের জের ধরে সেলিমের লোকজন সকালে আমাদের শ্রমিকদের ওপর হামলা করে।’ ওই দেয়ালের কারণে এখানে গাড়ি ঢুকতে সমস্যা হয় বলে তিনি জানান। ঘটনার পর ফোর এইচ ফ্যাশন বন্ধ হয়ে যায়। এক দিনের জন্য কারখানা বন্ধ থাকায় কোটি টাকার ক্ষতি হবে বলে তিনি জানান। অভিযোগ প্রসঙ্গে ফারজানা অ্যাপারেলসের মালিক মো. সেলিম বলেন, ‘তারা আমাদের দেয়ালটি রাতে একবার ভেঙে দেয়। পরে আমরা সেটি আবার নির্মাণ করি। এরপর সকালে পুনরায় ভেঙে দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আমরা এ ব্যাপারে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।’