চট্টগ্রামে দুটি লাশ উদ্ধার, আটক ১
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার একটি সিমেন্ট কারখানাসংলগ্ন এলাকা থেকে গত বুধবার গভীর রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানার লালখানবাজার ইস্পাহানি মোড়ে একটি বিলবোর্ড থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা থানা এলাকা থেকে যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম মোসলেহ উদ্দিন (৪৫)। তিনি আবুল খায়ের গ্রুপের শিপইয়ার্ডে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় মুশফিকুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, বুধবার গভীর রাতে রুবি সিমেন্টের মূল ফটকের আশপাশে টহল দেওয়ার সময় একটি মাইক্রোবাসের চালকের সহযোগিতায় মুশফিকুরকে আটক করা হয়।পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোসলেহ উদ্দিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর মুখে স্কচটেপ লাগানো ছিল। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে নগরের কোতোয়ালি থানার লালখানবাজার ইস্পাহানি মোড়ে বিলবোর্ড থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, স্থানীয় ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার পর একটি বিলবোর্ড থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের গলায় শার্ট প্যাঁচানো ছিল। এটা কী হত্যা, না আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।