চট্টগ্রামে দুদক কর্মকর্তা শাব্বিরের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক এম এম শাব্বির হাসানের জামিন নাকচ করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম। গতকাল রোববার ঘুষের টাকা লেনদেনের দৃশ্য ধারণ করার যন্ত্রটি (ছোট আকৃতির ক্যামেরা) পরীক্ষা-নীরিক্ষার পর তাঁর জামিন নাকচ করা হয়।দুদক কর্মকর্তা শাব্বিরকে গ্রেপ্তারের আগে র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসংক্রান্ত চিঠি, ঘুষের টাকা জব্দের পর ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের হাজির হওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসনের অনুমতিসংক্রান্ত চিঠি এবং ঘুষ লেনদেনের ব্যাপারে র্যাবের কাছে পোশাক রপ্তানিকারকপ্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের অভিযোগসংক্রান্ত মোট তিনটি চিঠি গতকাল উপস্থাপন করে র্যাব-৭ কর্তৃপক্ষ। ২০ ফেব্রুয়ারি শাব্বিরের জামিন শুনানির সময় আদালত এই তথ্যগুলো জানতে চেয়েছিলেন।গত ২৩ জানুয়ারি রাত ১১টার দিকে ১০ লাখ টাকাসহ দুদকের আগ্রাবাদের কার্যালয় থেকে শাব্বিরকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ঘুষের টাকা লেনদেনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়। ২৪ জানুয়ারি রাতে তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছে ফোর এইচ গ্রুপ। আদালত সূত্র জানায়, গতকাল ছোট আকৃতির ক্যামেরাটি পরীক্ষা করেন আদালত। এ সময় ঘুষের টাকা লেনদেনকারী ফোর এইচ গ্রুপের একজন কর্মকর্তা আদালতের নির্দেশে ওই গোপন ক্যামেরা দিয়ে আদালতের বিচারকাজের দৃশ্য ভিডিওতে ধারণ করেন। পরে ধারণ করা দৃশ্য আবার আদালতের নির্দেশে মুছে ফেলা হয়। এ গোপন ক্যামেরা দিয়ে দুদক কর্মকর্তা শাব্বিরের ঘুষ নেওয়ার চিত্র ধারণ করা হয়। এ ফুটেজটিও গতকাল আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে আসামির কৌঁসুলিরা আদালতকে বলেন, দুদকের কোনো কর্মকর্তাকে গ্রেপ্তারের আগে দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হয়। র্যাব সদস্যরা এটা না মেনে বিধি ভঙ্গ করেছে। সুতরাং শাব্বিরকে গ্রেপ্তার করা বিধিসম্মত হয়নি।জবাবে মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ আদালতে বলেন, আসামিপক্ষ পদ্ধতি অনুসরণের কথা বলেছে। এই বিধি মানতে গেলে কিয়ামত পর্যন্ত দুদকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আসামিপক্ষ ওই বিধির ব্যাপারে হাইকোর্টে যেতে পারেন। কারণ, যেকোনো আইন ও বিধি সম্পর্কে হাইকোর্ট ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার রাখেন। তবে এও সত্য, শাব্বিরকে ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত। এর ভিডিও ফুটেজ আছে। আর যে ক্যামেরা দিয়ে ঘুষের লেনদেনের দৃশ্য ধারণ করা হয়েছে, তা আদালতে পরীক্ষা করা হয়েছে।পোশাক রপ্তানিকারকপ্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন শাব্বির। পরে দর-কষাকষি করে ঘুষের অঙ্ক ৩০ লাখ টাকায় নামিয়ে আনা হয়। ২৩ জানুয়ারি রাতে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার সময় শাব্বিরকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেন।