চট্টগ্রামে দুদকের মামলায় শুল্ক কর্মকর্তার কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক এক শুল্ক কর্মকর্তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ দায়রা জজ মো. আতাউর রহমান গতকাল বুধবার এই রায় দেন। দণ্ডিত আসামির নাম আবদুল কুদ্দুস। তিনি কাস্টমসের অ্যাপ্রেইজার ছিলেন। তাঁর বিরুদ্ধে ৩১ লাখ ৫৩ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালে আবদুল কুদ্দুসকে সম্পদের হিসাব জমা দিতে বলে দুদক। এরপর তিনি সম্পদের হিসাব জমা দেন। পরে দুদক তদন্ত করে ঘোষিত সম্পদের বাইরে আরও সাড়ে ৩১ লাখ টাকার সম্পদের খোঁজ পায়। এরপর ২০১০ সালের ২২ আগস্ট তাঁর বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় মামলা করে দুদক।
সূত্র জানায়, ২০১১ সালের ৩০ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ১৪ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন।
দুদকের বিশেষ কৌঁসুলি মাহমুদুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, আসামির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন আদালত।