চট্টগ্রামে দুদকের মামলায় পুলিশ কর্মকর্তার জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান গতকাল রোববার আসামি মো. নবীউল্লাহর উপস্থিতিতে এই রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সল পাশা বলেন, ঘুষ নেওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল।সূত্র জানায়, বায়েজিদ থানার তৎকালীন এসআই নবীউল্লাহ অবৈধ দখলদার উচ্ছেদের জন্য কেয়া কবির নামে এক নারীর কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দর-কষাকষির মাধ্যমে ঘুষের অঙ্ক ২০ হাজার টাকায় নামিয়ে আনা হয়। এ ছাড়া কেয়া কবিরের কাছ থেকে একটি মোটরসাইকেলও হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এসআই নবীউল্লাহ।সূত্র আরও জানায়, ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর টাকা ও মোটরসাইকেল হাত বদলের সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা এসআই নবীউল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।জানা যায়, কেয়া কবিরের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানার মাইজপাড়া এলাকায়। চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন জালালাবাদ মৌজায় তিনি জমি কিনেছিলেন। ওই জমি বেদখলে ছিল। অবৈধ দখলদার উচ্ছেদের জন্য তিনি পুলিশের সহযোগিতা চান। এই সুযোগে এসআই নবীউল্লাহ তাঁর কাছে ঘুষ দাবি করেন।