চট্টগ্রামে দুদিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চলচ্চিত্র বিশ্বের সব দেশের সীমানা অতিক্রম করে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। সংস্কৃতির চর্চা কোনো দেশ বা জাতির সীমারেখা মানে না। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহযোগিতায় দুই দিনব্যাপী এ উৎসবে আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উপদেষ্টা দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘সংস্কৃতিকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমরা অনেক অবাঞ্ছিত সমস্যার সমাধান করতে পারি।’

সোমনাথ হালদার বলেন, মানবিক সম্পর্ক নির্মাণে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। চলচ্চিত্রের কোনো সীমারেখা নেই।