চট্টগ্রামে দুদিনের লোকসংস্কৃতি উৎসব শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডিসি হিলে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব কাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হচ্ছে।
উৎসব উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংগঠন সমাজ সমীক্ষা সংঘ। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান লোকসংস্কৃতি উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের টাইটেল স্পনসর বাংলাদেশ এডিবেল অয়েল লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। শিক্ষাবিদ হায়াৎ মামুদ উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে ড. রশীদ আল ফারুকী পদক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু, লোকসংস্কৃতি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ হাসান, সদস্যসচিব তাপস রায়, স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবেল অয়েল লিমিটেডের কর্মকর্তা রিতেশ রঞ্জন বড়ুয়া।