চট্টগ্রামে দুপুর গড়াতেই হরতালের উত্তাপ শেষ
বাম সংগঠনগুলোর ডাকা হরতাল চট্টগ্রামে দুপুর গড়াতেই ঢিলেঢালা হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় পুরোদমে যান চলাচল। সকাল থেকে কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল করলেও পিকেটাররা চালকদের বুঝিয়ে-সুঝিয়ে সেসব গাড়ি থামানোর ব্যবস্থা করে। তবে কোনো গাড়িতে আঁচড় দেয়নি পিকেটাররা। গতকাল দুপুরের পর থেকে নগরজুড়ে বাস, কার থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। হরতাল চলাকালে অন্য দিনের মতো পুলিশি তৎপরতাও তেমন চোখে পড়েনি। পিকেটাররাও যানবাহন ভাঙচুর করেনি। তবে সকালে নগরের চেরাগী মোড়ে মোমিন রোডে হরতালের সমর্থকেরা গাড়ির টায়ার জ্বালায়। পুলিশ এসে সে আগুন নিভিয়ে দেয়।গতকাল হরতালের সমর্থকেরা নগরের নিউমার্কেট মোড়, শাহ আমানত সেতু, অলংকার মোড়, আগ্রাবাদ ও বন্দর এলাকায় পিকেটিং করেছে। এ সময় হরতালের সমর্থনে নিউমার্কেট, তিন পোলের মাথা, বাদামতলী, কাজীর দেউড়িসহ বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ শাহ আলম, মৃণাল সেন, অশোক সাহা, বাসদের চট্টগ্রাম জেলার আহ্বায়ক মানস নন্দী, সদস্য শফিউদ্দিন কবির, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস প্রমুখ। পরে সেখান থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা লাল পতাকা ও সাম্প্রদায়িকতা-বিরোধী বিভিন্ন ফেস্টুন বহন করে। নগরের বড় বিপণিকেন্দ্রগুলো বন্ধ থাকলেও বেশির ভাগ দোকানই খোলা ছিল। ব্যাংকের অভ্যন্তরে কাজ হলেও টাকা লেনদেন হয়নি বলে জানা গেছে।