চট্টগ্রামে দুপুরেই হরতাল শেষ!
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও তা দুপুরেই শেষ হয়ে গেছে। গতকাল বিকেলের আগেই নগরের সব জায়গাতে যানবাহন চলাচল করেছে। গতকাল সকাল থেকেই নগরজুড়ে চলাচল করেছে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও ইজিবাইক। জামায়াত-শিবির অধ্যুষিত চকবাজার ও বিএনপির নিয়ন্ত্রণাধীন কাজীর দেউড়ি ছাড়া শহরের অন্য সব জায়গায় বাস চলাচল করেছে। জিইসি মোড় ও আগ্রাবাদ বাদামতলী, ইপিজেড মোড়ে যানজটের সৃষ্টি হয়।গতকাল দুপুরের পর থেকে দোকানপাটও খোলা হয়। তবে বড় বড় বিপণিবিতান বন্ধ ছিল। বিকেলে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। সরকারি কার্যালয় ও ব্যাংক যথানিয়মে খোলা ছিল। তবে ব্যাংকে লেনদেন হয়েছে সীমিত।এদিকে গতকাল দুপুরে নগরের বন্দর থানাধীন নিমতলা মোড়ে হরতাল-সমর্থকেরা মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘মিছিল করার চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করা হয়। এ সময় একটি ফাঁকা গুলিও করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।’একই সময়ে বন্দর থানাধীন সিইপিজেড মোড়েও সমাবেশ করেন নগর বিএনপির নেতা-কর্মীরা। ওই সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ জ্যেষ্ঠ নেতারা। সমাবেশ শেষে মিছিলের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ বিষয়ে ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রোটারিয়ান মো. ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘ইপিজেড মোড়ে আগে থেকেই হরতালবিরোধী সমাবেশের অনুমতি ছিল। আমাদের নেতা-কর্মীদের অনুপস্থিতিতে বিএনপি সেখানে সমাবেশ করে।’ এ বিষয়ে ওসি জাহেদুল ইসলাম বলেন, অনুমতি না থাকায় মিছিল করতে দেওয়া হয়নি।