চট্টগ্রামে দুর্গাপূজাকে কেন্দ্র করে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মেয়র নাছির সাড়ম্বরে দুর্গোৎসব উদ্যাপন করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জঙ্গিবাদের ঠাঁই হবে না।
চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, চন্দন বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব প্রমুখ।
শ্যামল কুমার পালিত বলেন, দুর্গাপূজা উপলক্ষে পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।
এদিকে শারদীয় দুর্গোৎসব সামনে রেখে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ গতকাল সকালে নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এ সময় পরিষদের নেতারা দুর্গাপূজা উপলক্ষে চার দিন সরকারি ছুটিসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাশ। এ সময় সভাপতি অরিন্দম পালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, এখনো দেশের বিভিন্ন এলাকায় মঠ-মন্দিরে নানা বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটে। এতে সনাতন ধর্মের মানুষ শঙ্কিত। এ অবস্থায় সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা দরকার।