চট্টগ্রামে দুর্ঘটনায় যুবকের মৃত্যু সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার নাসিরাবাদ এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্য দুজন আহত হন। এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউ সড়কে অবরোধ করলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। নিহত যুবকের নাম রাসেল মল্লিক (২৪)। তিনি হাটহাজারীর পশ্চিম শিকারপুর এলাকার দুলাল মল্লিকের ছেলে। এই ঘটনায় আহত অন্য দুজন হলেন রাসেলের বন্ধু আশরাফুল ও জাবেদ। পুলিশ সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে নগরের মুরাদপুরের দিকে যাচ্ছিলেন। নগরের নাসিরাবাদ পূর্বকোণ কার্যালয়ের বিপরীতে পৌঁছালে দ্রুতগতিসম্পন্ন মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।