চট্টগ্রামে দুর্ধর্ষ বাহিনীর প্রধান আরসেল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন আরসেল। বছর দুয়েক চাকরি করে ছিনতাইকারীদের খাতায় নাম লেখান। এরপর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। চট্টগ্রাম নগরের আমবাগান ও টাইগারপাস এলাকায় গড়ে তোলেন একটি বাহিনী। তাঁর দুর্ধর্ষ কর্মকাণ্ড দেখে লোকজন তাঁকে ‘আজরাইল’ ডাকতে শুরু করে।
গত বছরের নভেম্বরে পুলিশের এক কনস্টেবলকে খুন করে তিনি গা ঢাকা দিয়েছিলেন। খুনের মামলার আসামি সেই দুর্ধর্ষ বাহিনীর প্রধান আরসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের সিআরবি এলাকায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। তিনি এখন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হন। গত বছরের ৩ নভেম্বর নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে সন্ত্রাসীদের হামলায় কনস্টেবল মো. আবদুল কাইয়ুম (২৫) খুন হন। ওই ঘটনায় আহত হন কনস্টেবল আরিফুল ইসলাম, সাহাবউদ্দিন ও সালাহ উদ্দিন। আরসেল ও তাঁর সহযোগীরা পুলিশ সদস্য খুনের ঘটনায় অংশ নিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ খুনসহ তিনটি মামলা রয়েছে। সুবিধা পাওয়ার জন্য তিনি নিজেকে যুবলীগের সমর্থক দাবি করতেন। অথচ তাঁর বাহিনীর সদস্যরা গত বছর চট্টগ্রাম নগর যুবলীগের এক নেতাকে খুন করেছিলেন বলে অভিযোগ আছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘আরসেলকে আমরা অনেক দিন ধরে খুঁজে আসছিলাম। তিনি পুলিশ কনস্টেবল খুনের অন্যতম আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে এসে আরসেল তাঁর বাহিনীকে সংগঠিত করার চেষ্টা করেন।’ বাবুল আক্তার আরও বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমরা সিআরবি এলাকায় আরসেলকে ধরতে অভিযান শুরু করি। একপর্যায়ে তিনি গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে আমরা বন্দুক, তাজা গুলি, ছোরাসহ আরসেলকে গ্রেপ্তার করি।’