চট্টগ্রামে দুর্ধর্ষ সন্ত্রাসী দলের সদস্য সাব্বির গ্রেপ্তার
তিন রাউন্ড গুলিসহ শিবিরের এক ক্যাডারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই শিবির ক্যাডার চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী দলের সদস্য বলে জানা গেছে।গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি অভিযানের মুখে এই ক্যাডারের আরও দুই সহযোগী পালিয়ে যায়। তাঁদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গ্রেপ্তার হওয়া শিবির ক্যাডারের নাম সাব্বির আহমেদ (২৫)।তিনি দুর্ধর্ষ শিবির ক্যাডার ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রামে সাজ্জাদের উপ-অধিনায়ক হিসেবে কাজ করে আসছিলেন মেক্সন সরওয়ার। সাব্বির সন্ত্রাসী মেক্সনের সঙ্গে থাকতেন। মেক্সন এখন কারাগারে আছেন।আর সাজ্জাদ দুবাইয়ে বসে চাঁদাবাজি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশ সাব্বির ও তাঁর আরও দুই সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। আর অস্ত্রটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সাব্বিরের সহযোগী মুসলিমের কাছে অস্ত্রটি ছিল বলে পুুলিশ নিশ্চিত হয়েছে। সাব্বিরের অন্য সহযোগীর নাম রাজন। পুলিশ সূত্র জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী হিসেবে সাব্বির শহরতলির বায়েজিদ, অক্সিজেন, চালিতাতলীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। ওই এলাকায় কেউ জমি কেনার আগে এই বাহিনীর সদস্যদের চাঁদা দেন। একইভাবে নতুন বাড়ি বানানোর আগেও চাঁদা দিতে হয়। এ ছাড়া দাঙ্গাহাঙ্গামা, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে এই বাহিনীর সদস্যরা জড়িত বলে অভিযোগ রয়েছে। ফলে এলাকার কেউ এই সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী সাব্বির সাজ্জাদ-মেক্সন দলের সক্রিয় সদস্য। সে কারাগারে গিয়ে মেক্সনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিল। আমরা বেশ কিছুদিন ধরে তার ওপর নজরদারি করে আসছিলাম। একপর্যায়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। কিন্তু অস্ত্রধারী সন্ত্রাসী মুসলিম ও রাজন পালিয়ে গেছে। তাদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি।’