চট্টগ্রামে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পথসভা
‘জনতার শক্তি, রুখবে দুর্নীতি’—এ স্লোগানে গতকাল শনিবার চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম-১ এবং চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবুল বশর চৌধুরী ও সদস্য শাওন পান্থ।মো. আবদুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধে সমাজের সবার দায়বদ্ধতা ও সর্বস্তরে জনসচেতনতামূলক কার্যক্রম বিকাশ ঘটানো প্রয়োজন।বনজ কুমার মজুমদার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী যে সচেতনতা দেখা গেল, তা একসময় সমাজের সব স্তরে পৌঁছে যাবে। মানববন্ধনের পরে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সরকার নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে’—এ বিষয়ে বিতর্ক অংশ নিয়েছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মূকাভিনয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ত্রিতরঙ্গ।