চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদউদ্দিন (৪৪) নামের পুলিশের এক নায়েক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদউদ্দিন নগরের দামপাড়া পুলিশ লাইনে রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম আনছার আলী। বাড়ি পিরোজপুরের পূর্ব ভান্ডারিয়া এলাকায়।

এ ঘটনায় আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেছেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে জানান, আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকায় ফরিদউদ্দিনকে কে বা কারা ধারাল অস্ত্র দিয়ে কোপায়। তার হাঁটুর নিচে ও ঊরুতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে পুলিশ দুটি বিষয় নিয়ে এগোচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ফরিদউদ্দিনের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, নাকি ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে।