চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তারক্ষী আহত
চট্টগ্রাম নগরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুট করতে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানিক মিয়া নামের এক নিরাপত্তারক্ষীকে আহত করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের হালিশহরের বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মানিক মিয়া হালিশহরের বিডিআর মাঠের পাশে অবস্থিত জাহেদ এন্টারপ্রাইজের নিরাপত্তারক্ষী ছিলেন। এ ব্যবসায়িক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর পয়েন্ট।
প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক স্বপন বড়ুয়া প্রথম আলোকে জানান, সন্ধ্যা সাতটার দিকে তিনজন ব্যক্তি প্রতিষ্ঠানে এসে রাজু নামের একজনকে খুঁজতে থাকে। এ নামে কেউ নেই জানিয়ে তাদের প্রবেশে বাধা দেন মানিক। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মানিকের মুখমণ্ডলের বাঁ পাশে আঘাত করে। পরে মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই সুমন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’