চট্টগ্রামে দেড় শতাধিক দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটে আজ সন্ধ্যায় আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটে আজ সন্ধ্যায় আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ছোটপুল এলাকার সিঙ্গাপুর-ব্যাংকক সমবায় মার্কেটের ১৮০টি দোকান আগুনে পুড়ে গেছে। মার্কেটের পাশের বস্তির অর্ধশতাধিক ঘরও পুড়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২০টি গাড়ি দিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিঙ্গাপুর-ব্যাংকক সমবায় মার্কেটের পাশের বস্তিতে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ১৮০টি দোকান পুড়ে যায়। মার্কেটের আরও ১৩৪টি দোকানের আংশিক ক্ষতি হয়। পুড়ে যাওয়া দোকানগুলো কাপড়, জুতা, চামড়াজাত সামগ্রী, ক্রোকারিজ ও প্রসাধন সামগ্রীর। দোকানগুলো সেমিপাকা ও কাঁচা।

সিঙ্গাপুর-ব্যাংকক সমবায় মার্কেট সমিতির সভাপতি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বস্তি থেকে আগুনের সূত্রপাত। এতে আমাদের ১৮০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনেক দোকানির পথে বসার উপক্রম হয়েছে।’

রাত আটটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু দোকান থেকে ধোঁয়া বের হচ্ছিল। পাশের বস্তির লোকজনও খোলা আকাশের নিচে ছিল। অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে যাওয়ায় দুই শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে পাশের বস্তি থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ২০টি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে আগুন নেভানো হয়।

চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি আজ রাতে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি আজ রাতে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম