চট্টগ্রামে দেয়াল ধসে চার শিশু আহত
চট্টগ্রাম নগরের নন্দনকাননের গোলাপ সিংহ লেনে গতকাল রোববার দেয়াল ধসে চার শিশু আহত হয়েছে।
আহত শিশুরা হলো মেহেদী হাসান (৯), সজীব মিয়া (৮), আরিফ মিয়া (৪) ও মো. রিয়াদ (৭)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গোলাপ সিংহ লেনে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। ওই ভবনের উল্টোদিকে তিন দিক দিয়ে ঘেরা একটি খালি জায়গা আছে। ওই জায়গার উত্তর দিকের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণকাজের জন্য পাথর স্তূপ করে রাখা ছিল। ওই স্তূপের ভারে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ১০ ফুটের মতো দেয়াল ভেঙে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, কাজের জন্য পাথরের স্তূপে পানি দেন শ্রমিকেরা। এতে স্তূপটি আরও ভারী হয়ে পড়ে। ওই ভারে দেয়ালটি ধসে পড়েছে। ওই সময় দেয়ালের পাশে থাকা চার শিশু আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু মেহেদী হাসান বলে, ‘স্কুল থেকে ফিরে ওই জায়গায় বসে আমরা চারজন খেলছিলাম। এ সময় দেয়াল ভেঙে পড়ে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আহত শিশুরা শঙ্কামুক্ত।