চট্টগ্রামে দেলোয়ারের স্মরণে বিএনপির সভা
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্মরণে গতকাল বৃহস্পতিবার সভা করেছে চট্টগ্রাম বিএনপি। নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভা হয়।সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার তাদের দলীয় ও পারিবারিক উদ্দেশ্য পূরণে ব্যস্ত হয়ে পড়েছে। সভায় বিএনপির নেতারা খোন্দকার দেলোয়ার হোসেনের অবদানের কথা স্মরণ করে বলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছিল, তখন দেলোয়ার হোসেন সাহসী পুরুষের ভূমিকা রেখেছিলেন। মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উত্তর জেলা সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, মোহাম্মদ মিয়া প্রমুখ।স্মরণসভা শেষে জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।