চট্টগ্রামে দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেরিন একাডেমিকে মেরিটাইম বিশ্ববিদ্যালয় ঘোষণা করে গতকাল শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এটিই হচ্ছে দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হবে।জানা গেছে, মেরিন একাডেমির বর্তমান অবকাঠামোসহ প্রায় ১০০ একর জায়গার ওপর এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি টাকা।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। এখানে জাহাজ নির্মাণ, প্রকৌশল, জাহাজ ব্যবস্থাপনা, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারনাল মেরিটাইম ট্রান্সপোর্টেশন, মেরিটাইম ল ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। মেরিন একাডেমির প্রশিক্ষণার্থী ক্যাডেটের সংখ্যা ২০০ থেকে বাড়িয়ে আগামী শিক্ষাবর্ষে ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, উচ্চতর দক্ষ মেরিন জনশক্তি সরবরাহকারী দেশ হিসেবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) বাংলাদেশকে ফিলিপাইন, চীন ও ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও সরকার ৮০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল, খুলনা, পাবনা, রংপুর, নারায়ণগঞ্জ ও সিলেটে আরও ছয়টি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করবে।সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশের ২৬ জন নাবিকসহ এমভি জাহান মণি আটক থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইএমও এবং জাতিসংঘ মহাসচিবের কাছ থেকে এ ব্যাপারে সহায়তা চেয়েছি। তাঁরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’শেখ হাসিনা বলেন, ‘আমরা রপ্তানিযোগ্য সমুদ্রগামী জাহাজ নির্মাণশিল্প, সমুদ্রগামী জাহাজ পরিচালনা ও জাহাজভাঙা শিল্পকে উৎসাহিত করছি। ইতিমধ্যে আমাদের কয়েকটি কোম্পানি বিদেশে জাহাজ রপ্তানি করেছে।’দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ খাতে ১১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে গড়াই ও যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। নদীর নাব্যতা ফিরে এলে পরিবহন খরচ কমবে। এ ছাড়া চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মংলা প্রভৃতি সমুদ্র ও নদীবন্দর থেকে নদীপথে দেশের অন্যান্য স্থানে মালামাল পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি সমুদ্রবন্দর স্থাপনের লক্ষ্যে বরগুনা ও পটুয়াখালীর মাঝামাঝি এলাকায় জায়গা খোঁজা হচ্ছে।নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, সরকার চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়নের পাশাপাশি কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে।অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী, স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার ও বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন বক্তৃতা করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৪৫তম ব্যাচের সালাম গ্রহণ: বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ মেরিন একাডেমির ৪৫তম ব্যাচ ক্যাডেটদের স্নাতক প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ক্যাডেটদের পদক দেন। এ সময় তিনি বলেন, গত পাঁচ দশকে এ প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৮২০ জন ক্যাডেট স্নাতক ডিগ্রি নিয়েছেন।