চট্টগ্রামে দোকান কর্মচারী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তাজউদ্দিন ওরফে বাবু নামের এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি সৌমিত্র বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ২৭ মার্চ নগরের রেয়াজউদ্দিন বাজারের একটি দোকানের কর্মচারী তাজউদ্দিনকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। ওই দিনই তাঁকে নগরের আলকরণ এলাকায় ছুরিকাঘাতে হত্যার পর লাশ বস্তাবন্দী করে কর্ণফুলী নদীর অভয়মিত্রঘাটে ফেলে দেওয়া হয়। বস্তাবন্দী লাশসহ সৌমিত্রকে ধরে ফেলে স্থানীয় জনতা। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই জাহাঙ্গীর উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল এ রায় দেন।
সরকারি কৌঁসুলি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার আরেক আসামি পলাতক নাজিম উদ্দিনকে বেকসুর খালাস দেন।
মামলার বাদী ও নিহত ব্যক্তির বড় ভাই জাহাঙ্গীর উদ্দিন রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত আসামির ফাঁসি কার্যকর করার দাবি জানান।