চট্টগ্রামে দেড় ঘণ্টার ব্যবধানে বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে দেড় ঘণ্টার ব্যবধানে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আজ রোববার সকালে আগ্রাবাদের বাদামতলী মোড় ও ইপিজেডের দুই নম্বর মাইলের মাথা এলাকায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আজ সকাল সাতটায় নগরের আগ্রাবাদের বাদামতলী এলাকায় বাসের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া সকাল সাড়ে আটটায় নগরের ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা এলাকায় বাসের ধাক্কায় নিহত হন পোশাককর্মী অমর জ্যোতি চাকমা (২৩)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দেয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত অমর জ্যোতি রাঙামাটি সদরের নোয়াপাড়ার পূর্ণ চান চাকমার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের দুই নম্বর মাইলের মাথা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।