জামায়াতে ইসলামীর ডাকা আকস্মিক হরতালে পুলিশ আজ মঙ্গলবার সতর্ক অবস্থানে থাকবে। হরতালে নাশকতা মোকাবিলায় চট্টগ্রাম নগরে মোতায়েন করা হবে অতিরিক্ত আরও দেড় হাজার পুলিশ সদস্য।জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হচ্ছে। এ কারণে জামায়াতের ডাকা হরতালে নাশকতার আশঙ্কা রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন। গতকাল সোমবার হরতাল ঘোষণার পর পুলিশ সতর্ক হয়। গত রাতেই নগরের বিভিন্ন মেস ও আস্তানায় পুলিশি অভিযান শুরু হয়।চট্টগ্রাম নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, হরতালে বিশৃঙ্খলা এড়ানোর জন্য নগরের বিভিন্ন মোড়ে ১২টি থানার পাশাপাশি আরও দেড় হাজার পুলিশ মোতায়েন করা হবে; পাশপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযানও শুরু করেছে পুলিশ। জানমালের নিরাপত্তার জন্য পুলিশ যা কিছুর করার করবে। চট্টগ্রাম জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আজকের হরতাল সফল করতে আমরা মাঠে থাকব। এটা হবে সবচেয়ে কড়া হরতাল। কারণ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে আমাদের বড় নেতাদের অহেতুক জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতাদের কিছু হলে রাস্তায় তো থাকতে হবে।’