চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ২

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড রেলগেট এলাকায় সীমানা দেয়াল ধসে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা মো. মনিরুল হকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস কুসুম ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যাণদী মোহাম্মদপুর গ্রামের সুধীর চক্রবর্তী।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ডিটি রোড রেলগেট এলাকার একটি গলিতে পুরোনো এক দেয়াল ধসে পড়লে জান্নাতুল ও সুধীর চাপা পড়েন। দেয়ালটির উল্টো পাশে অনেকগুলো ইটের স্তূপ ছিল। সম্ভবত ইটের চাপে ও দুই দিনের টানা বৃষ্টিতে দুর্বল হয়ে দেয়ালটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে জান্নাতুলকে ও পরে সুধীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, বেলা সাড়ে ১১টার পর প্রথমে জান্নাতুলকে নিয়ে আসা হয়। তাঁকে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর ঘণ্টাখানেক পর আনা হয় সুধীরকে। তাঁকেও চিকিৎসক পরীক্ষা করে মৃত দেখতে পান। দুটি লাশই মর্গে রাখা হয়েছে।

দুই সন্তানের জননী নিহত জান্নাতুলের স্বামী মনিরুল হক জানান, ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে তানজিনুল হককে কোচিং থেকে আনতে গিয়েছিলেন তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস কুসুম। ছেলে ওই গলিতে একটি কোচিং সেন্টারে পড়ে। যাওয়ার পথে দেয়াল ধসে এর নিচে চাপা পড়েন তিনি। তাঁদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে। ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, মাদারবাড়ির পারিবারিক কবরস্থানে স্ত্রীকে দাফন করা হবে।
অন্যদিকে, নিহত সুধীর মাদারবাড়ির চৌমুহনী পরিবহন সংস্থায় চাকরি করতেন। নিহতের বন্ধু সঞ্জয় সাহা জানান, সুধীর অবিবাহিত। নোয়াখালীর গ্রামের বাড়িতে তাঁর পরিবারের কাছে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।
