চট্টগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আসকারদীঘি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি নির্মাণাধীন ভবনের সীমানাদেয়াল ভেঙে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পরপরই শিশুটিকে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে সেখানে ভর্তি না নেওয়ায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।দুর্ঘটনায় নিহত শিশুটির নাম মো. সানি (৬)। সে আসকারদীঘির পূর্বপাড়ের মো. ওসমানের ছেলে। তিনি পরিবার নিয়ে পাশের বস্তিতে থাকেন। সানিকে উদ্ধার করতে গিয়ে আবদুল্লাহ (১২) নামের আরেক শিশু আহত হয়েছে। সীমানাদেয়াল ধসে পড়ার পর স্থানীয় লোকজন পাশের ভবনগুলোর ঝুঁকে পড়া নড়বড়ে দেয়াল নিজ উদ্যোগে ভেঙে দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে আশকারদীঘির উত্তর-পূর্ব কোণের একটি নির্মাণাধীন ভবনের সীমানাদেয়াল ধসে পড়ে। সীমানাদেয়ালের ভেতরে ভবনটি নির্মাণ করছিল মিশন গ্রুপ নামের একটি আবাসনপ্রতিষ্ঠান। দুর্ঘটনার সময় সানি দেয়ালের পাশে অন্য দুই সঙ্গীর সঙ্গে খেলছিল।দেয়ালচাপায় আহত সানিকে পাশের বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তৃপক্ষ ভর্তি নেয়নি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মাউন্ট হাসপাতালের সামনের কাচ, সামনের ডেস্ক ও রোগীর কক্ষের কাচ ভাঙচুর করে। এ সময় কাচের আঘাতে কয়েকজন রোগী ও স্বজনের হাত কেটে যায়।হাসপাতালের পরিচালক দেবাশীষ রায় বলেন, ‘সাড়ে ১২টার দিকে বাচ্চাটিকে নিয়ে চার-পাঁচজন মহিলা ও কয়েকটি ছেলে আসে। আমি বাচ্চাটি দেখে তাঁদের বললাম, তার মাথায় খুব বেশি আঘাত লেগেছে। আপনারা তাকে তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁরা নিয়েও গেলেন। কিন্তু কিছুক্ষণ পর বস্তি থেকে লোকজন এসে হাসপাতাল ভাঙচুর করে।’ভাঙচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এতে ৫০ হাজার টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়। শিশু সানির মা আলিফা কাঁদতে কাঁদতে বলেন, হাসপাতালে নেওয়ার সময়ও তার প্রাণ ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।দুর্ঘটনার পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকে ভাঙচুর করে। আমরা মিশন গ্রুপের কর্মকর্তাদের ডেকেছি। সীমানাদেয়ালটি তাঁদের নয় বলে তাঁরা দাবি করছেন। তার পরও তাঁদের তো দায়িত্ব নিতে হবে।’