চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, আহত ৩

চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার আফগান মসজিদ এলাকায় পুরোনো ভবনের দেয়ালধসে এক ঠেলাগাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও তিনজন আহত হয়েছে। হতাহত সবাই পথচারী। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ঠেলাগাড়িচালকের নাম মো. ফরিদুল আলম (৫০)। তিনি কুমিল্লার মুরাদনগর এলাকার সাহেব আলীর ছেলে। তিনি বাকলিয়া এলাকায় থাকেন।
আহত ব্যক্তিদের মধ্যে মো. রানা (৮) দক্ষিণ পশ্চিম বাকলিয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপর আহত অভিজিৎ দত্ত (১৩) চর চাক্তাই সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। এ ছাড়া হাবিবুর রহমান (২২) নামে অপর এক যুবক আহত হন। তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রানা বাঁ হাত, বাঁ পা ও মাথায় আঘাত পায়। অপর দুজনের আঘাত পায়ে।
ঘটনার বর্ণনা দিয়ে আহত রানার বাবা মো. করিম বলেন, ‘ছেলে স্কুল থেকে এসে তাঁর কাছ থেকে ১০ টাকা নিয়ে দোকানে চা খেতে যাচ্ছিল। আমিও পেছন পেছন যাচ্ছিলাম। এ সময় হঠাৎ পাশের পুরোনো ভবনের দেয়াল ভেঙে রাস্তার ওপর পড়ে। এতে আমার ছেলেসহ চারজন চাপা পড়ে।’
সরেজমিনে দেখা গেছে, পুরোনো একতলা একটি ভবন ভেঙে নতুন করে বহুতল ভবন তোলা হচ্ছে। এ জন্য পুরোনো ভবনের ছাদ ও মাঝখানের দেয়াল ভেঙে ফেলা হয়। চারপাশের দেয়ালগুলো এখনো ভাঙা হয়নি। মাঝখানে নতুন ভবন নির্মাণের জন্য পাইলিং শুরু করা হয়।
স্থানীয়রা জানান, মাঝখানের দেয়াল, পিলার ও ছাদ ভেঙে ফেলায় চারপাশের দেয়ালগুলো নড়বড়ে হয়ে পড়ে। ওখানকার একটি দেয়াল গতকাল সকালে ভেঙে পাশের রাস্তায় পড়ে। এ সময় চারজন আহত হয়। পরে তাদের হাসপাতালে পাঠানো হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ফরিদুলের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার বাবা সকালে এমনিতে বের হয়েছিল। গাড়ি নেয়নি। পরে শুনি তিনি দেয়াল চাপা পড়ে আহত হয়েছেন। হাসপাতালে এসে দেখি মারা গেছে।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে বাবুল নামে এক ব্যক্তি ভবনটি নির্মাণ করছিলেন। পুরোনো দেয়াল ভেঙে চারজন হতাহত হয়েছে। আমরা বাবুলকে খুঁজছি।’