চট্টগ্রামে দোকান মালিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার ইস্পাহানী গেট এলাকার একটি চা-দোকানের মালিককে তাঁর কর্মচারী খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত দোকানমালিকের নাম রফিক সওদাগর (৪০)। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। খুলশী থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে রফিকের সঙ্গে মানিক নামের এক দোকান কর্মচারীর বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বুধবার ভোরে ঘুমন্ত রফিকের মাথায় ভোঁতা কিছু দিয়ে আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই রফিক মারা যান। পুলিশ সূত্র জানায়, মানিক (২০) পাঁচ মাস আগে ওই দোকানে চাকরি নেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।