চট্টগ্রামে দোকান মালিক-ভাড়াটে সংঘর্ষ ওসিসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হাজারি গলির কোহিনুর বোর্ডিংয়ের নয়টি স্বর্ণের দোকান গতকাল শনিবার ভোরে পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছে। দোকানের দখল নিতে মালিকপক্ষ এই ভাঙচুর চালায় বলে জানা গেছে।দোকান ভাঙচুরের প্রতিবাদে হাজারি গলির খুচরা ও পাইকারি স্বর্ণ ও ওষুধ ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ রাখেন। ব্যবসায়ীরা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে মিছিল বের করেন। তাঁরা দোকান থেকে স্বর্ণ ও নগদ অর্থ লুটের অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে হাজারি গলিতে এক প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।জানা গেছে, কোহিনুর বোর্ডিং মার্কেটের একতলা ভবনের নয়টি দোকান নিয়ে মালিক ছগির আহম্মদ গংয়ের সঙ্গে ভাড়াটে দোকানদারদের মালিকানাসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ নয়টি দোকান ভাঙচুর কিংবা উচ্ছেদ থেকে বিরত থাকার আদালতের একটি নোটিশ ঝুলতে দেখা গেছে।দোকানি তপন চৌধুরী অভিযোগ করেন, তাঁরা সেলামি দিয়ে দোকান নিয়েছেন। এখন এই দোকান থেকে মালিকপক্ষ তাঁদের তুলে দিতে চাচ্ছে। এ নিয়ে মামলা চলছে। এ অবস্থায় শনিবার ভোর চারটার দিকে ছগির আহম্মদের লোকজন শ্রমিক এনে হাতুড়ি ও শাবল দিয়ে দোকানের ওপরের ছাদ ভাঙা শুরু করে। এ সময় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।দোকানিরা অভিযোগ করেন, ব্যবসায়ীরা সংগঠিত হয়ে ভাঙচুরকারীদের প্রতিরোধ করে। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কোতোয়ালি থানার ওসি আবুল কালামসহ তিন পুলিশ সদস্য আহত হন।ওসি আবুল কালাম বলেন, ‘জমি বুঝে নিতে মালিকপক্ষ শ্রমিক দিয়ে ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারপর ভোরে আমি যাই। এর আগে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।’ ওসি আরও জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষ সমঝোতায় বসতে রাজি হয়েছে।