চট্টগ্রামে দোকান লুটের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্রের মুখে গাড়ির যন্ত্রাংশের একটি দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুটের ঘটনায় গত রোববার গভীর রাতে নগরের ধনিয়ালাপাড়া থেকে বজল আহমদ নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর ধনিয়ালাপাড়ার নূর ব্রাদার্স নামের দোকানে এই লুটের ঘটনা ঘটে।লুটের ঘটনায় ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ডবলমুরিং থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একটি চক্র দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে নূর ব্রাদার্স নামের দোকানটি দখলের উদ্দেশ্যে এই হামলা চালায়। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’তিনি জানান, গ্রেপ্তার বজলসহ আরও কয়েক ব্যক্তি ১০ সেপ্টেম্বর বিকেলে দোকানমালিক হাজি নুরুল আমিনকে অস্ত্রের মুখে দোকানটি ছেড়ে যেতে বলেন। তাঁরা মালিককে মারধর করে তাঁর কাছ থেকে ক্যাশবাক্সের চাবি কেড়ে নেন। এরপর তাঁরা নগদ টাকাসহ মোট দেড় লাখ টাকার মালামাল লুট করে নেন। এর আগে সন্ত্রাসীরা দোকানের জিনিসপত্র ভাঙচুর করে। এ ব্যাপারে থানায় করা মামলায় চারজনের নাম উল্লেখ করে সাত-আটজনকে আসামি করা হয়েছে।