চট্টগ্রামে দোল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গতকাল দোল উৎসবে মেতেছিল কিশোরীরা। ছবিটি গতকাল দুপুরে রাজাপুকুর লেন এলাকা থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরে গতকাল দোল উৎসবে মেতেছিল কিশোরীরা। ছবিটি গতকাল দুপুরে রাজাপুকুর লেন এলাকা থেকে তোলা l প্রথম আলো

শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষ গতকাল রোববার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে দোল বা হোলি উৎসবে মেতেছিল। নগরের বিভিন্ন পাড়া–মহল্লায় আবির কিংবা রং মাখামাখি করে উৎসবটি পালন করে শিশু–কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা।
শাস্ত্রমতে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও তাঁর সখীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। এই আবির খেলার তিথিটিকে সনাতন ধর্মাবলম্বীরা দোল বা হোলি উৎসব হিসেবে পালন করেন। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনা হয়।
নগরের নালাপাড়া, কৈবল্যধাম, ফিশারি ঘাট, অভয়মিত্র ঘাট, রাজাপুকুর লেইন, দেওয়ানজি পুকুরপাড়, হাজারি গলি, গোসাইলডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় তরুণ-তরুণীরা দল বেঁধে দোল উৎসবে মেতে ওঠেন। ঘরোয়াভাবেও অনেকে স্বজন, বন্ধু-বান্ধবদের রং লাগিয়ে দোল উৎসবে শামিল হন।
নগরের আসকার দিঘির পাড়ের বাসিন্দা দেবু রায় বলেন, ধর্মীয় রীতির বাইরেও দোল উৎসব প্রকৃতিতে একটি পরিবর্তন আনে। সেই সঙ্গে মানুষের মনেও এই পরিবর্তনের ছোঁয়া লাগে। পরস্পরের প্রতি স্নেহ–ভালোবাসা আরও বাড়ে এই উৎসবের মধ্য দিয়ে।